রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন আহত
রাজধানীর রামপুরা এলাকায় র্যাবের গুলিতে একজন আহত হয়েছে। আহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩০)। গতকাল মঙ্গলবার গভীর রাতে রামপুরা থানাধীন মহানগর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৩-এর মেজর রিদওয়ান প্রথম আলোকে জানিয়েছেন, আহত সিরাজুল ইসলাম রামপুরা এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। র্যাব-৩ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, রামপুরা এলাকার মহানগর প্রকল্প এলাকায় ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছে। র্যাবের টহল দল সেখানে পৌঁছালে ছিনতাইকারীরা র্যাবের ওপর গুলি চালায়, এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। গুলিবিনিময় চলাকালে র্যাবের গুলিতে সিরাজ আহত হন। তাঁর পায়ে গুলি লাগে। সিরাজের অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে র্যাব জানিয়েছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।