রামায়ণের ‘হনুমান’ দারা সিং আর নেই
ষাটের দশকের বলিউডের শক্তিমান অভিনেতা ও কুস্তিগির দারা সিং মারা গেছেন। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। এনডিটিভি অনলাইনের এক খবরে আজ এ কথা জানানো হয়।শুধু কুস্তিতে নয়, ষাটের দশকের শুরুতে দারা সিং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। মমতাজের বিপরীতে বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন।অ্যাকশন কিং হিসেবে খ্যাত এই অভিনেতা টারজান, কিং কংসহ আরও বেশ কয়েকটি হলিউড ধাঁচের ছবিতে কাজ করেন। তবে আশির দশকের টিভি সিরিজ রামায়ণে ‘হনুমান’ চরিত্রের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। কয়েকটি পাঞ্জাবি ছবি পরিচালনার পাশাপাশি নিয়মিত অভিনয়ও করেন তিনি। ২০০৭ সালে বলিউড হিট জব উই মেটে তাঁকে শেষবারের মতো দেখা যায়।মস্তিষ্কের সমস্যার কারণে দারা সিংকে গত শনিবার মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়। কৃত্রিম চিকিত্সাব্যবস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। মস্তিষ্কের সমস্যা গুরুতর আকার ধারণ করায় তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে চিকিত্সকেরা সংশয় প্রকাশ করেন। গতকাল বুধবার প্রবীণ এই অভিনেতাকে বাসায় নেওয়া হয়।কোকিলাবেন হাসপাতালের চিকিত্সক রাম নারায়ণের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দারা সিংয়ের শরীরের অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁর পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় কৃত্রিমভাবে তাঁকে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।শক্তিমান কুস্তিগির হিসেবে রুস্তম-ই-পাঞ্জাব ও রুস্তম-ই-হিন্দ নামে খ্যাত দারা সিং রানধাভা পাঞ্জাবের অমৃতসরে ১৯২৮ সালে জন্ম গ্রহণ করেন। শৈশব থেকে তিনি পালোয়ান হওয়ার তালিম নেন। স্থানীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তিনি পাড়ি জমান আন্তর্জাতিক অঙ্গনে। ১৯৫৯ সালে কুস্তিতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বগলদাবা করেন। ১৯৬৮ সালে হন বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৮৩ সালে তিনি কুস্তি থেকে অবসর নেন। লড়াকু এই কুস্তিগির ৫০০টি খেলায় অংশ নেন। কুস্তির কোর্টে তিনি লড়েন ওরিয়েন্টাল (প্রাচ্য) চ্যাম্পিয়ন কিং কং ও জর্জ গোর্দিয়েনকোর সঙ্গে।