রামু হামলার প্রতিবেদন পেশ, স্বরাষ্ট্রমন্ত্রী ফিরলেই প্রকাশ
কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাকের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল ইসলাম এ প্রতিবেদন জমা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিদেশ সফরে রয়েছেন। তিনি আজ রাতে ফিরবেন বলে জানা গেছে। তিনি ফিরলেই এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। উত্তম বড়ুয়া নামের এক যুবকের ফেসবুকে বিতর্কিত ছবি ট্যাগের (যুক্ত) ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে ব্যাপক হামলা হয়। হামলাকারীরা প্রাচীন বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ এবং বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় সরকার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে। কমিটির অন্য তিন সদস্য হলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম), বান্দরবানের জেলা পুলিশ সুপার ও কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত সুপার।