রামুতে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মোতাহারুল হক (৪০) ও রামুর গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা আবদুর রহিম (৩৫)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রামুর ১২টি বৌদ্ধ বিহার ও ৩০টির বেশি বসতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার বিপরীতে ওইদিন রামু থানায় দায়ের করা আটটি মামলায় প্রায় সাত হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি বলেন, আত্মগোপনে থাকায় এত দিন এই দুই জামায়াত নেতাকে ধরা সম্ভব হয়নি। আজ দুপুরে দুই নেতা রামুর বাইপাস সড়কে ইসলামী ব্যাংকে গেলে পুলিশ খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।