রামুতে ডাকাতের গুলিতে মুদি দোকানি নিহত
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগানসংলগ্ন পাহাড়িয়া পাড়ায় একটি মুদি দোকানে গতকাল শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতেরা দোকানের মালিক মো. ফারুককে (২৫) দোকান থেকে বের করে মাথায় গুলি করে। আজ রোববার সকাল আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ আজ দুপুরে এরশাদ উল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।ডাকাতেরা ওই দোকান থেকে টাকা, ফোন কার্ডসহ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে। ডাকাতের মারধরে মো. জহির (২৭) ও মো. কাশেম (২৬) নামের দুজন আহত আর নুরুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁদের বাড়ি পূর্ব মোহাম্মদপুরা এলাকায়।নিহত ফারুকের বাবা নূর আহম্মদ জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আট থেকে ১০ জনের সশস্ত্র ডাকাতদল দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৫০ থেকে ৬০ হাজার টাকা, মুঠোফোনের পাঁচটি সেট, সিগারেটসহ লক্ষাধিক টাকার মাল লুট করে। এ সময় ফারুক বাধা দিতে গেলে ডাকাতদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতেরা ফারুককে দোকান থেকে বের করে মাথায় গুলি করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে চলে যায়। প্রায় এক ঘণ্টা পর রামু থানার পুলিশ মুমূর্ষু অবস্থায় ফারুককে উদ্ধার করে রামু হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকাল আটটার দিকে তিনি মারা যান।ফারুকের বাবার ধারণা, ডাকাতদের চিনে ফেলায় ফারুককে গুলি করা হয়েছে। আবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরেও এ ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।বাজারের কয়েকজন পাহারাদার জানান, ডাকাতির খবর পেয়ে তাঁরা ওই দোকানের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম নুরুচ্ছফা বলেন, ডাকাতির বিষয়টি সুস্পষ্ট। একটি মহল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।তবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজিবুল ইসলাম ডাকাতির ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, ডাকাতি নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এরশাদ উল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।