রামুতে প্রবল বর্ষণ, দেয়াল ধসে নিহত ২
কক্সবাজারের রামুতে প্রবল বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলো কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের নুরুল হকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩০) ও তাঁর এক বছরের শিশু মিনহাজুল আবেদীন। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, টানা তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁকখালী নদীসহ কয়েকটি খালে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের রামু উপজেলার ১১ ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় পাঁচ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ তিন দিন ধরে পানিবন্দী হয়ে রয়েছে। আজ ভোররাতে প্রবল বর্ষণে কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের নুরুল হকের গুদামঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তাঁর স্ত্রী ও হাসপাতালে নেওয়ার পর তাঁদের এক বছরের শিশু নিহত হয়।আরও জানা গেছে, প্রবল বর্ষণের কারণে রামু-নাইক্ষ্যংছড়ি, রামু-মরিচ্যা, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাহ-ঈদগড় সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে আজ থেকে ওই এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত লোকজনকে নিরাপদ স্থানে যাওয়ার জন্যও ঘোষণা দিয়েছে প্রশাসন।রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক আজ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। তাঁরা জানান, এরই মধ্যে প্রতি ইউনিয়নে ২০০ কেজি চিঁড়া ও ৫০ কেজি গুড় বিতরণ করা হয়েছে। আগামী শুক্রবার দুই টন চাল দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।