রামুতে বন্য হাতির আক্রমণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামে আজ বুধবার সকালে বন্য হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। এ সময় হাতির পাল ২০টি বসতবাড়ি ভাঙচুর করে। বেলা দুইটার দিকে পুলিশ ও বন-কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে হাতির পালটিকে বনে ফেরত পাঠালে পরিস্থিতি স্বাভাবিক হয়।হাতির আক্রমণে নিহত ব্যক্তিরা হলেন: দোছড়ি গ্রামের সৌদি আমেনা খাতুন (২৫), আলী আহমদ (৫৫) ও মো. শাহজাহান (৩০)। আহত হওয়া আসমা বেগম (৪৫), আবদুস শুক্কুর (৩০), আবদুর রহিম (২৫), নাজির আহমদ (৩৪), সোনা মেহের (২১), সিরাজ মিয়াকে (১২) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন আহত আসমা বেগম ও নাজির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ৮-১০টি বন্য হাতি দোছড়ি গ্রামে নেমে ফসলের খেত নষ্ট করে এবং বসতবাড়িতে এসে কলাগাছ খেতে থাকে। একপর্যায়ে হাতির পাল ঘরবাড়ি ভাঙা শুরু করে। ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় হাতির আক্রমণ ও পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। হাতির পাল সকাল ১০টা পর্যন্ত লাশের পাশে দাঁড়িয়ে ছিল। পরে পুলিশ ও বন-কর্মীরা সাত-আটটি ফাঁকা গুলি ছুড়ে হাতির পালটিকে সরিয়ে দিয়ে লাশ তিনটি উদ্ধার করেন। এরপর হাতির পাল আবারও কয়েকটি ঘর ভাঙচুর করে। বেলা দুইটার দিকে বন-কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে হাতির পালকে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির পালটি গহিন অরণ্য থেকে লোকালয়ে নেমে এসে আক্রমণ চালায়। এতে তিনজনের মৃত্যু হয়। ফাঁকা গুলি ছুড়ে বন্য হাতির পালটিকে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, বেলা দুইটার পর থেকে লোকজন ঘরে ফিরে গেলেও আতঙ্ক কাটছে না। তাঁদের আশঙ্কা, বন্য হাতির দল আবার ওই গ্রামে হানা দিতে পারে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বন বিভাগের একজন বন-প্রহরী বলেন, সংরক্ষিত বনে হাতির খাবারের তীব্র সংকট চলছে। এ কারণে হাতির পাল বন ছেড়ে গ্রামে লোকজনের গাছপালা ও খেতের ফসল খেয়ে ফেলছে। গোলার ধান খেতে হাতির পাল বসতবাড়ি ভেঙে ফেলে। এ সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে কিছু লোকের মৃত্যু হচ্ছে।