রামুতে রাবার উত্পাদনের ধুম
কক্সবাজারের রামু উপজেলায় রাবার উত্পাদনের ধুম পড়েছে। উঁচু-নিচু পাহাড়ে এক হাজার ২১৩ একরের বিশাল বাগানের প্রায় ৬৭ হাজার গাছ থেকে এই রাবার উত্পাদনের কষ (রস) সংগ্রহ করা হচ্ছে। এই রাবার দিয়ে তৈরি হবে গাড়ির টায়ার, টিউব, জুতা, স্যান্ডেল, ব্যাগ, ফুটবলসহ বিভিন্ন দ্রব্য। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন এই রাবার বাগানটি তত্ত্বাবধান করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৬০ সালে রামু উপজেলার জোয়ারিয়ানালা, কাউয়ারকূপ ও গর্জনিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী বন বিভাগের ৬০০ একর ভূমি ইজারা নিয়ে এই রাবারবাগান করা হয়। আশির দশকে বাগানের আয়তন বাড়িয়ে দুই হাজার ৬৮২ একর করা হয়। বর্তমানে বনায়নকৃত দুই হাজার ১৩১ একরে গাছ রয়েছে ৯৮ হাজার ১২০টি। এর মধ্যে ৬৬ হাজার ৬৯২টি গাছে রাবার উত্পাদন চলছে। অবশিষ্ট ৩১ হাজার ৪২৮টি গাছ কষ উত্পাদনক্ষমতা হারিয়ে ফেলেছে। রাবারবাগানের সহ-মহাব্যবস্থাপক মাসুক আহমদ জানান, ২০০৮-০৯ অর্থবছরে ৮৯২ একরের নতুন বাগানে আরও এক লাখ ৯২ হাজার ৬০৯টি চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ৮২ একরে চার হাজার ৯৪৫টি গাছ থেকে সম্প্রতি রাবার উত্পাদন শুরু হয়েছে। অবশিষ্ট গাছ থেকেও কয়েক মাস পর রাবার পাওয়া যাবে। তিনি জানান, গত বছর আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। ওই সময় প্রতি কেজি রাবার বিক্রি হয়েছে ৮৯ থেকে ৯০ টাকায়। এখন তা ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজির দাম ১৭০ টাকা পর্যন্ত উঠতে পারে বলে জানান তিনি। গতকাল রোববার রাবারবাগানে গিয়ে দেখা যায়, কষ সংগ্রহের জন্য গাছের ছাল (বাকল) কেটে দেওয়া হয়েছে। অন্তত ৫০ জন শ্রমিক গাছে বেঁধে রাখা পাত্রে জমে থাকা সাদা রঙের কষ বালতিতে করে সংগ্রহ করছেন। কষভর্তি বালতিগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কষের সঙ্গে পানি ও এসিড মিশিয়ে নির্ধারিত ফ্রেমে জমা করা হয়। সেখান থেকে তুলে রোলার মেশিন দিয়ে মসৃণ করে (পানি বের করা) শুকানো হয়। তারপর ট্রলি হেঙ্গারে ঝুলিয়ে ধূমঘরে আগুনে পোড়ালে তা লাল রং ধারণ করে। পরে এগুলো প্রতি বস্তায় ৫০ কেজি করে নিয়ে তা গুদামজাত করা হয়। রাবারশ্রমিক মো. হারুন (৩৪), মিজানুর রহমান (২৪) ও মো. শাহজাহান (২৭) জানান, দৈনিক মজুরি ভিত্তিতে তাঁরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানের গাছ থেকে কষ সংগ্রহ করেন। প্রতিদিন গড়ে একজন ২৫ থেকে ৩৫ কেজি পর্যন্ত কষ সংগ্রহ করতে পারেন। প্রতি কেজি কষের বিপরীতে পাঁচ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। এ হিসাবে প্রতি মাসে একজন শ্রমিক চার থেকে পাঁচ হাজার টাকা আয় করতে পারেন। রাবার উত্পাদন কারখানার সুপারভাইজার নুরুল আনোয়ার জানান, এই কারখানা থেকে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার হাজার কেজি পর্যন্ত রাবার উত্পাদিত হচ্ছে। সারা বছর রাবার উত্পাদন চলে। তবে বর্ষায় কষ আহরণ কমে গেলে উত্পাদনও কমে যায়। তিনি জানান, মূলত শীতকালেই গাছ থেকে বেশি কষ পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বাগানের রাবার বিক্রি করে ২০০৬-০৭ অর্থবছরে এক কোটি সাত লাখ ৩৫ হাজার টাকা আয় হয়। পরের অর্থবছরে কিছুটা কমে তা দাঁড়ায় ৯০ লাখ ৭৬ হাজার টাকায়। কিন্তু রাবারের দাম কমে যাওয়ায় গত অর্থবছরে তা কমে ১৪ লাখ ৪৪ হাজার টাকায় দাঁড়ায়। সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে রাবার উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৪ মেট্রিক টন। বর্তমানে দুজন কর্মকর্তা, ৩০ কর্মচারী, ১৮ আনসার ও অনিয়মিত ১৫০ জন শ্রমিক বাগানের সঙ্গে সংশ্লিষ্ট।