রামুতে ১২ বৌদ্ধবিহারে আগুন, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা সদরে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় একদল লোক বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহারে আগুন লাগিয়েছে। দুটি বিহারসহ বড়ুয়াপাড়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসন আজ রোববার সকাল থেকে রামু সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।বর্তমানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা সেখানে টহল দিচ্ছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামুর বড়ুয়াপাড়ার উত্তমকুমার বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্টে এমন এক ছবি দেখা গেছে, যা ইসলাম ধর্মের জন্য অবমাননাকর বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে গতকাল শনিবার রাত ১০টায় শত শত মানুষ উপজেলা পরিষদের পাশে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কক্সবাজার শহর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাব আসে। এ সময় রামু থানার পুলিশ উত্তমকুমার বড়ুয়া ও তাঁর মাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।রাত সাড়ে ১২টার দিকে একদল লোক রামুর চেরাংঘাটা সড়কের ২৫০ বছরের পুরোনো মৈত্রী বিহারে আগুন ধরিয়ে দেয়। এরপর বড়ক্যাং বৌদ্ধবিহার ও কেন্দ্রীয় সীমা বিহারসহ ১২টি বিহারে অগ্নিসংযোগ করা হয়। রাত তিনটা পর্যন্ত এসব বিহার দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বুদ্ধের মূর্তিসহ মূল্যবান সম্পদ পুড়ে যায়। এ ছাড়া রামুর শ্রীকুলের বড়ুয়াপাড়া বৌদ্ধবিহারে ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা।উত্তমকুমার দাবি করেন, কেউ একজন তাঁর ফেসবুকে ওই ছবি ট্যাগ করে দিয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর ফেসবুক আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে রামু খিজারী উচ্চবিদ্যালয়ের পাশে বড়ুয়াপাড়ায় তিন দিক থেকে ঘিরে ক্ষুব্ধ জনতা অর্ধশতাধিক বাড়িতে আগুন দেয়। এ সময় সংখ্যালঘু বৌদ্ধসম্প্রদায়ের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে কক্সবাজার থেকে রাত একটায় দমকল বাহিনীর গাড়ি রামুতে যায়। কিন্তু নিরাপত্তার অভাবে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। পরে রাত আড়াইটায় পুলিশের সহযোগিতায় দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই বৌদ্ধবিহারসহ অসংখ্য ঘর পুড়ে ছাই হয়ে যায়। রাত দেড়টার সময় কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের একটি দল রামুতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।রাত সাড়ে তিনটায় স্থানীয় সাংসদ লুত্ফুর রহমান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে রামুর পরিস্থিতি থমথমে। সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।