রামুতে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় জারি করা ১৪৪ ধারা গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া রামু উপজেলার সব বৌদ্ধমন্দিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এলাকায় সেনা ও বিজিবির সদস্যরা তাঁদের টহল অব্যাহত রেখেছেন।গত শনিবার রাতে জেলার রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর করা হয় শতাধিক ঘরবাড়িতে।বৌদ্ধ ধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগে শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়।অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় রামু সদরে। এরপর থেকে সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছেন সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মন্দিরগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।রামুর ঘটনার পর টেকনাফ, উখিয়া ও পটিয়ায় বেশ কয়েকটি বৌদ্ধবিহার ও বাড়ি এবং একটি হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।