রামুর ওসিকে প্রত্যাহার
কক্সবাজারে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মজিবুল ইসলামকে আজ মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলো ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ওই এলাকায় এখনো ১৪৪ ধারা বহাল আছে। সেনা ও বিজিবির সদস্যরা সেখানে তাঁদের টহল অব্যাহত রেখেছেন। গত শনিবার রাতে জেলার রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর করা হয় শতাধিক ঘরবাড়িতে।বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগে শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়।অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় রামু সদরে। এর পর থেকে সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছেন সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মন্দিরগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। রামুর ঘটনার পর টেকনাফ, উখিয়া ও পটিয়ায় বেশ কয়েকটি বৌদ্ধবিহার ও বাড়ি এবং একটি হিন্দুমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।