রামুর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় গত ২৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রামুর বাসিন্দা জ্যোতির্ময় বড়ুয়া এই রিট আবেদনটি করেছেন। আগামীকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে বৌদ্ধমন্দির ও নির্দোষ জনগণের বাড়িঘর রক্ষার ঘটনায় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় নিজেদের ভূমিকা জানাতে কক্সবাজারের ডিসি, এসপি ও রামু থানার ওসিকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়ার আরজি জানানো হয়েছে। জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলো ডটকমকে জানান, গতকাল সোমবার রিটের হলফনামা করা হয়। আজ আদালতে দাখিল করা হয়েছে। কাল শুনানি হতে পারে। গত শনিবার রাতে রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগে শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। ওই ঘটনার পর গত রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রামু সদরে ১৪৪ ধারা জারি করা হয়।