রামুর ঘটনায় সাংসদকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
‘একাত্তরে এই বৌদ্ধবিহারে মুসলিম সম্প্রদায়কে আশ্রয় দিয়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলাম। স্বাধীনতার ৪০ বছর পর বাঙালি স্বজাতির কাছে নিগৃহীত হতে হলো। সেই বিহার জ্বালিয়ে দেওয়া হলো। জীবনসায়াহ্নে এসে কেন আমাকে এই বিভীষিকা দেখতে হলো!’ধ্বংস হয়ে যাওয়া কেন্দ্রীয় সীমা বৌদ্ধবিহারের পরিচালক ৮২ বছরের বৃদ্ধ ভিক্ষু সত্যপ্রিয় মহাথের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এ কথাগুলো বলে চোখের পানি ফেললেন। গতকাল সোমবার সকালে রামুর খিজারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও বক্তব্য দেন।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বৌদ্ধমন্দির ও বৌদ্ধদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য বিএনপির স্থানীয় সাংসদ লুৎফর রহমানকে সরাসরি দায়ী করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিন রাত সাড়ে ১১টায় যখন এখানকার মানুষ শান্ত হয়ে যাচ্ছে, ঠিক তখন স্থানীয় সাংসদ এসে মানুষকে কী বলে গেলেন যে তিনি চলে যাওয়ার পর মন্দিরে আগুন লাগানো শুরু হলো? আমার প্রশ্ন, তিনি কী কথা বলে গেলেন, কী উসকানি দিয়ে গেলেন তা বলতে হবে। মন্দিরে হামলার জন্য তিনিই দায়ী। অথচ তাঁর নেত্রী আওয়ামী লীগকে দায়ী করছেন।’রামুর মন্দিরে ও বসতবাড়িতে হামলার নয় দিন পর গতকাল সকাল ১০টার পরে দুটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতারা কক্সবাজারে আসেন। সেখান থেকে গাড়িতে করে তাঁরা রামুতে যান। প্রধানমন্ত্রী রামুতে পৌঁছেই কেন্দ্রীয় সীমা বৌদ্ধবিহার ঘুরে দেখেন। এরপর যান রামু বাজারের খিজারি উচ্চবিদ্যালয় মাঠে।প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ওঠেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের। তবে জনসভায় তাঁরা কেউ বক্তব্য দেননি।জনসভায় বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতি ছিল কম। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা বক্তব্য দিলেও বৌদ্ধদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের কারণে বৌদ্ধরা জনসভায় যোগ দিতে উৎসাহ পাননি। কয়েকজন বৌদ্ধ অভিযোগ করেন, ২৯ সেপ্টেম্বরের হামলাকারীদের অনেকেই জনসভায় এসেছেন। প্রধানমন্ত্রীকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান করা হলে তিনি নিজেই ৩০০ বছরের পুরোনো সীমাবিহারের পরিচালক সত্যপ্রিয় মহাথেরকে কিছু বলতে বলেন।সত্যপ্রিয় মহাথের বলেন, ‘২৯ সেপ্টেম্বর রাতে রামু, উখিয়া ও পটিয়া অঞ্চলে বৌদ্ধবিহারে তাণ্ডব চালিয়ে ধ্বংস করা হয়। এই তাণ্ডবলীলায় আমরা হতবাক। কিছু বলার ভাষা নেই। সেদিন আমার নিজের জীবনও বিপন্ন হয়েছিল। কোনোমতে প্রাণে রক্ষা পাই। রামুতে ৮২ বছর ধরে সম্প্রীতির মাধ্যমে বাস করে আসছি। সবার প্রতি ছিল আমার মৈত্রী, ভালোবাসা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, জীবনসায়াহ্নে এসে কেন আমাকে এই বিভীষিকা দেখতে হলো? এটাই আমার জন্য চরম দুঃখের।’ তাঁর বক্তব্য শেষ হলে জেলা ইমাম সমিতির সভাপতি সালাহ উদ্দিন মো. তারেককে কিছু বলতে বলেন প্রধানমন্ত্রী। দুজনের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়ে ছিলেন। এরপর প্রধানমন্ত্রী নিজে বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। প্রধানমন্ত্রী তাঁদের থামিয়ে দিয়ে বলেন, ‘স্লোগান দেবেন না। আমরা এখানে এসেছি অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে। এখানে যা হয়েছে, সেটা কোনো মুসলমানের কাজ নয়। টেকনোলজি (প্রযুক্তি) দিয়ে উন্মাদনা সৃষ্টি করে এখানে যে ঘটনা ঘটানো হয়েছে, ইসলাম তা সমর্থন করে না। কারা এটা করল, আমরা অনেক তথ্য পেয়েছি। আরও তথ্য সংগ্রহ করছি। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।’ আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘দুর্ভাগ্য হলো, হামলায় শত বছরের ঐতিহ্য ধ্বংস হয়ে গেছে। এটা শুধু ধর্মীয় না, এটা বাংলাদেশেরও সম্পদ। কেউ যাতে আর হামলা চালাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, বিএনপি জোট কীভাবে হিন্দু-বৌদ্ধ সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা করেছে, তা সবাই জানে। ওই সময় তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। তারা এখন দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। এভাবে ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। জনসভা শেষে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেন। দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, একাধিক নেতা প্রধানমন্ত্রীকে বলেন, রামুর বৌদ্ধ মন্দিরে হামলায় প্রশাসন নিষ্ক্রিয় ছিল। যে কারণে পরদিন উখিয়া ও টেকনাফের একাধিক বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। প্রধানমন্ত্রী দলের নেতাদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।