রামুর পথে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু ও উখিয়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির ও ঘরবাড়ি পরিদর্শনে আজ শুক্রবার দুপুরে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খবর ইউএনবির।আজ বিকেল চারটার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে রামুর উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী। সাম্প্রদায়িক হামলার ৪১ দিন পর তিনি রামুর উদ্দেশে এ যাত্রা করলেন।ইউএনবির খবরে জানা গেছে, কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়া আজ রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন। সেখান থেকে কাল শনিবার সকালে তিনি রামু যাবেন। বিএনপির দলীয় সূত্র জানায়, রামুতে যাওয়ার আগে কাল সকালে পটিয়াসহ হামলায় আক্রান্ত চট্টগ্রামের অন্যান্য উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন চট্টগ্রামে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন । এ ছাড়া কাল দুপুরে কক্সবাজারের চকরিয়া বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সংহতি র্যালিতে অংশ নেবেন তিনি।রামুতে পৌঁছে সীমামন্দিরসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বিরোধীদলীয় নেত্রী। একই সঙ্গে স্থানীয় খিজারি উচ্চবিদ্যালয়ের মাঠে বেলা তিনটায় অনুষ্ঠেয় আরেকটি সংহতি র্যালিতে ভাষণ দেবেন। ওই অনুষ্ঠান শেষে কক্সবাজার শহরে ফিরে সেখানে রাত যাপন করবেন তিনি।পরদিন রোববার কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির ও এলাকা পরিদর্শন করবেন খালেদা জিয়া। একই সঙ্গে স্থানীয় বিএনপি আয়োজিত একটি র্যালিতে অংশ নিয়ে ওই দিন রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।বৌদ্ধদের বিভিন্ন স্থাপনায় নৃশংস হামলার কথা জানাতে গত ১০ অক্টোবর বৌদ্ধ ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে। সাক্ষাতের সময় দলের নেতারা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করতে বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান।গত ২৯ সেপ্টেম্বর সাম্প্রদায়িক হামলায় রামুতে ১২টি বৌদ্ধমন্দির ও আশ্রম ধ্বংস হয়। তাণ্ডব চালানো হয় ৫০টিরও বেশি বাড়িতে।