রামুর পুরাকীর্তিগুলো সংস্কার চায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধমন্দিরগুলো রক্ষায় সরকার উদ্যোগ নিচ্ছে না। মূল্যবান এসব পুরাকীর্তির ২৮টির মধ্যে বর্তমানে তিনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা, উপযুক্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১০টির ভগ্নদশা।এসব মন্দির থেকে চুরি হয়ে যাচ্ছে বুদ্ধমূর্তি ও পিতলের ঘণ্টাসহ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সরকার এসব পুরাকীর্তি সংস্কার করে পর্যটনের স্থানগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিলে রামু পর্যটনের একটি আদর্শ স্থান হবে বলে স্থানীয় সচেতন মহলের অভিমত।জানা গেছে, রামুর রামকোট, ফিশের চর, হাজারীকুল, পূর্ব রাজারকুল, মেরংলোয়া, শ্রীকুল, জাদীপাড়া, উখিয়ারঘোনা, উত্তর মিঠাছড়ি, উত্তর ফতেখাঁরকুলসহ বিভিন্ন এলাকায় মোট ২৭টি বৌদ্ধমন্দির ও একটি চৈত্য রয়েছে। এর মধ্যে রাজারকুলে খ্রিষ্টপূর্ব ২০৮ সালে সম্রাট অশোক নির্মিত ঐতিহাসিক রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, মেরংলোয়া সীমাবিহার, চেরাংঘাটা বড় ক্যাং, শ্রীকুল মৈত্রী বিহার ছাড়া বাকিগুলো সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায় ১৫০ বছরের পুরোনো হাজারীকুল রাখাইন বৌদ্ধবিহার, শ্রীকুল সাংগ্রীমা ক্যাং, জাদীপাড়া পাহাড়ের চূড়ায় স্থাপিত বিশালাকার চৈত্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ দুটি বৌদ্ধমন্দির থেকে কিছু বুদ্ধমূর্তি স্থানীয় লোকজন অন্যত্র সরিয়েছে। আবার কিছু মূর্তি চুরি হয়েছে বলে এলাকাবাসী জানায়।সংস্কারের অভাবে লামারপাড়া ক্যাং, উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধবিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, জাহিপাড়া আর্য্যবংশ বৌদ্ধবিহার, পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বিহার, উত্তর মিঠাছড়ি বিদর্শন বাবনা কেন্দ্র, শ্রীকুল রাখাইন বৌদ্ধবিহার, লাল চিংসহ প্রায় ২০টি বৌদ্ধমন্দির অবহেলায় পড়ে আছে।হাজারীকুল বোধিরত্ন বিহারের অধ্যক্ষ শ্রীমং প্রজ্ঞাবোধি থের জানান, একসময়ের বৌদ্ধসংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ছিল অফিসের চরের লামারপাড়া ক্যাং। কারুকাজখচিত কাঠের তৈরি এ মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এ মন্দিরে এখনো সংরক্ষিত আছে বাংলাদেশের অষ্টধাতুনির্মিত সবচেয়ে বড় বুদ্ধমূর্তি, পিতলের বড় বড় ঘণ্টা, প্রাচীন শিলালিপিসহ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন।লামারপাড়া ক্যাংয়ের অধ্যক্ষ ইয়ালাতারা ভিক্ষু বলেন, দীর্ঘদিন মন্দিরের চারপাশে সীমানাপ্রাচীর ছিল না। ওই সময় বুদ্ধমূর্তি, পিতলের ঘণ্টাসহ অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে। তিনি জানান, উথোয়েন অংক্য রাখাইন নামের এক জমিদার ১৮০০ সালে রেঙ্গুন থেকে কারিগর এনে ক্যাংটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে ২০০২ সালে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাহায্য নিয়ে সীমানাপ্রাচীর, ভেতরের হাঁটার পথ সংস্কার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টিনের ছাউনি নষ্ট হয়ে গেছে। মন্দিরের চূড়ার কাঠ নষ্ট হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। সংস্কারের জন্য সাহায্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি।রামু উপজেলা বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনোহরী বড়ুয়া বলেন, এসব প্রাচীন বৌদ্ধমন্দির সহজেই পর্যটকদের দৃষ্টি কাড়ে। কোটি কোটি টাকার সম্পদ এই প্রাচীন পুরাকীর্তি চোখের সামনে ধ্বংস হলেও এগুলো রক্ষায় সরকারের কোনো উদ্যোগ নেই।বিশিষ্ট শিক্ষাবিদ রামু কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, অনন্য শৈল্পিক নিদর্শন বৌদ্ধমন্দিরগুলো ছাড়াও রামুতে আছে শাহ সুজা সড়ক, রাবারবাগান, দেশের বৃহত্তম নারকেলবাগান, হিমছড়ির ঝরনাসহ বেশ কয়েকটি পর্যটনের আকর্ষণীয় স্থান। তিনি বলেন, বৌদ্ধমন্দিরগুলো সংস্কারের পাশাপাশি এসব স্থানকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলে সরকার কক্সবাজারের পাশাপাশি রামুকেও আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে পারে। এতে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব আয় হবে।সাবেক সাংসদ ওসমান সরওয়ার আলম চৌধুরী বলেন, বৌদ্ধমন্দিরগুলো শুধু রামু ও কক্সবাজারের নয়, পুরো বাংলাদেশের গৌরবময় কীর্তি। সরকারের উচিত এগুলো সংরক্ষণ করা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরের অবসরপ্রাপ্ত কিউরেটর শামসুল হোসাইন বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের বিশেষ দিক হচ্ছে রামুর বৌদ্ধ মন্দির। কাঠের তৈরি প্রতিটি মন্দিরের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলো সংরক্ষণের উদ্যোগ নিলে কক্সবাজারের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হতো। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘সুন্দর কারুকাজের জন্য এসব বৌদ্ধমন্দির খুব সহজেই দেশি-বিদেশি পর্যটকের নজর কাড়ে। রামুর মতো এতগুলো বৌদ্ধমন্দির আমি আর কোথাও দেখিনি। এগুলোকে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’