রামুর বৌদ্ধপল্লিতে হামলা
কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের সেই ধর্মীয় উপাসনালয়গুলো এখন নতুন করে তৈরি হচ্ছে। পাল্টে যাচ্ছে বৌদ্ধপল্লির চেহারা। পোড়া ভিটেবাড়িতে উঠেছে নতুন ঘর, নতুন বাড়ি। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষগুলো সেই নতুন বাড়িঘরে উঠেছেন। উপাসনা করতে যাচ্ছেন বৌদ্ধবিহারে। বাড়িঘরগুলো এখন নতুন সাজে সজ্জিত। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর এই বৌদ্ধপল্লিতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে এবং আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। সেই আগুনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন তাঁরা। ভয় কাটেনি এখনো তাঁদের মন থেকে। চলছে আস্থার সংকট।সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননাসংক্রান্ত একটি ছবি জনৈক উত্তম বড়ুয়ার কাছে সংযুক্ত (ট্যাগ) করা হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যে রামুর বৌদ্ধপল্লিতে হামলা চালায়। এতে আগুনে ১২টি বৌদ্ধবিহার ও ২৬টি বসতঘর পুড়ে ছাই হয়। আরও ছয়টি বৌদ্ধবিহার ও শতাধিক বসতঘরে হামলা ও লুটপাট করা হয়। পরদিন ৩০ সেপ্টেম্বর উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় আরও আটটি বৌদ্ধবিহারে হামলা চালানো হয়। সেই ভয়াল রাতে দুর্বৃত্তদের তাণ্ডবে শুধু প্রাচীন বৌদ্ধ পুরাকীর্তিই নয়, রামুর হাজার বছরের সম্প্রীতিও পুড়ে ছাই করা হয়েছে। তাই সেদিনের ঘটনায় রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা কিছুতেই শুকাচ্ছে না। তাই ঘটনার তিন মাসেও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে আস্থার সংকট।সরকার গঠিত তদন্ত কমিটি ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ২০৫ জনকে শনাক্ত করেছে। কমিটি ভবিষ্যতে এসব ঘটনা এড়ানোর জন্য সুপারিশ পেশ করে। খোঁজ নিয়ে জানা যায়, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়নি। তাদের কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন আস্থার সংকটে আছেন। একরামুল হক