রামুর হামলায় বিএনপির সাংসদের উসকানি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলবাদী ও দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অতর্কিতে রামুর বৌদ্ধবসতি ও উপাসনালয়ে হামলা চালিয়েছে। এর পেছনে স্থানীয় বিএনপির সাংসদের উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনা দেখতে আজ রোববার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে যান। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। বিকেলে ঢাকায় ফিরে তেজগাঁও হেলিপ্যাডে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন। অভিযোগ করা হয়েছে, ওই সাংসদ তাণ্ডবলীলা এমনকি খুন করার আহ্বান জানিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে দেখা করেননি এবং এই ঘটনার পর (ক্ষতিগ্রস্তদের) সমবেদনা জানাতে যাননি।’ তিনি বলেন, ‘বিষয়টিকে আইনের কাঠামোর আলোকে এবং সাম্প্রদায়িক অপতত্পরতা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আলোকে বিবেচনা করা হবে। তিনি বা তাঁর সহযোগী অন্য যাঁরা অপতত্পরতা চালিয়েছেন, কিংবা উসকানি দিয়েছেন, যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পর তাঁদের আইনের আওতায় আনা হবে।’তবে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুত্ফর রহমান প্রথম আলোডটকমকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। রামু গোলচত্বরে গিয়ে তিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবাই একসঙ্গে উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। তাঁরা মাইকে বক্তব্য দেন। সাংসদ লুত্ফর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয় এটা না জেনে বলেছেন না হয় দোষ চাপানোর রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলেছেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘মৌলবাদীরা এই ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তা না হলে তাত্ক্ষণিকভাবে সেখানে এত তাণ্ডব চালানো সম্ভব হতো না। সেখানে গান পাউডার বা এ ধরনের বিস্ফোরক, কেরোসিন ও পেট্রোল ব্যবহার করা হয়েছে। মৌলবাদীরা সংঘবদ্ধ হয়ে একই সঙ্গে বিভিন্ন জায়গায় তাদের এ আক্রমণ পরিচালনা করেছে। আশপাশের থানাগুলোতে যেন এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’এ ঘটনার পর আজ দুপুরে চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ স্থাপনায় হামলা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে ঠিক হামলা নয়, কিছু দুষ্কৃতকারী ও মৌলবাদী জড়ো হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে।’এসবের কোনো পূর্বাভাস ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে এ ধরনের কোনো পূর্বাভাস স্থানীয় প্রশাসন পায়নি। হামলাটি পূর্ব পরিকল্পিত ও অতর্কিত ছিল। শুধু পটিয়াতে নয়, উখিয়াতেও এ ধরনের অপচেষ্টা ছিল। কিন্তু সব নিয়ন্ত্রণে রয়েছে।’এ ঘটনায় বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই কেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংঘবদ্ধ একটি গোষ্ঠী এখানে হামলা চালিয়েছে। হামলাকারীদের ধরতে গিয়ে যেন নির্দোষ কোনো ব্যক্তি ধরা না পড়ে, শাস্তি না পায়, তার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে কারা এর সঙ্গে জড়িত, তা জানানো হবে বলে জানান তিনি।ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘গতকাল শনিবার সকালে জানা যায়, জনৈক উত্তম বড়ুয়া ফেসবুকে বিদেশ থেকে আহরিত ইসলাম ধর্ম অবমাননাকারী একটি চিত্র প্রেরণ করেছেন। ফেসবুকের মাধ্যমে যে সাম্প্রদায়িক প্রচারের অপচেষ্টা করা হয়েছে, তার সূত্র এ দেশ নয়, বিদেশ। সম্ভবত এজেন্ট হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই উত্তম বড়ুয়া কাজ করেছে।’মন্ত্রী জানান, উত্তম বড়ুয়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মচারী। তাঁর বাবা নেই। ঘটনার পর তাঁর মা ও বোনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তবে উত্তম কোথায়, তা জানাননি মন্ত্রী। আর এর সঙ্গে কারা জড়িত তা জানতে প্রয়োজনীয় তদন্ত চলছে বলেও জানান তিনি।ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুড়ে যাওয়া উপাসনালয় ও বসতঘর পুনর্নির্মাণে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্যসামগ্রী ও অন্যান্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ৩০টি তাঁবু দিয়েছে সেনাবাহিনী ও র‌্যাব। হামলার শিকার লোকজনের পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ত্রী।