রায় পছন্দ না হলে স্লোগান দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ওবায়দুল হাসান রায় পছন্দ না হলে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আদালতের হাত অনেক লম্বা। বাংলাদেশের সীমানার মধ্যে যে কেউ আদালত অবমাননা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আদালত রাখেন। ট্রাইব্যুনাল হরতালের অজুহাতে আসামিপক্ষের মূল আইনজীবীদের আদালতে অনুপস্থিত থাকারও সমালোচনা করেছেন আজ। একই সঙ্গে টেলিভিশনের টক শোতে গিয়ে ফাঁসি চাইতেও নিষেধ করেছেন। ট্রাইব্যুনাল যখন এই পর্যবেক্ষণ দিচ্ছেন, এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষের প্রধান আইনজীবীরা। গণজাগরণ মঞ্চ মুজাহিদের রায়ের অপেক্ষায় শাহবাগে অবস্থান করছিল। এর আগে গোলাম আযমের রায় প্রত্যাখ্যান করে তারা মিছিল-সমাবেশে স্লোগান দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণার আগে বলেন, ‘আমরা একটা বিষয় লক্ষ করছি। যেদিন রায়ের দিন ধার্য করা হয়, সেদিন আসামিপক্ষের মূল আইনজীবীরা আসেন না। একটা হরতাল ঘোষণা হয়, তার অজুহাত দেখান। কিন্তু এটা উচিত নয়। তাঁদের রায়ের দিন আসা উচিত। আরেকটি বিষয়, আপনারা রায় পছন্দ না হলে তা প্রত্যাখ্যান করেন। কোনো পক্ষেরই রায় প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। আপনারা এ কথা বলে আমাদের অবমাননা করেন। রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়ে, টেলিভিশনে গিয়ে ফাঁসি চেয়ে কথা বলবেন না। রাত গভীর হলে সব চ্যানেলে টক শো শুরু হয়। তাতে এমন সব বিষয়ের অবতারণা হয়, মনে হয় কেউ রায় পড়ে দেখেননি। একটা কথা মনে রাখবেন, আপিল বিভাগে আমাদের দেওয়া রায় বিচারাধীন আছে। আপিল বিভাগ যদি তা সমর্থন করেন, তবে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে।’ বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিচারকেরা কথা বলতে পারেন না। আপনারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলে আমরা জবাব দিতে পারি না। এই অর্থে বিচারকেরা দুর্বল। তবে একটা কথা মনে রাখবেন, আদালতের হাত অনেক অনেক লম্বা। বাংলাদেশের সীমানার মধ্যে আপনারা যেখানে থাকুন না কেন, আদালতকে আহত করে কোনো কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এ ট্রাইব্যুনাল রাখে, সুপ্রিম কোর্ট রাখে।’এর আগেও ট্রাইব্যুনাল-২ হরতালের অজুহাতে আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তোলেন। গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের পক্ষের এক আইনজীবী ‘অনিবার্য কারণে’ তাদের জ্যেষ্ঠ আইনজীবীরা আসতে পারেননি বলে আদালতের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান। ট্রাইব্যুনাল বলেন, ‘শহরের রাস্তায় অনেক যানবাহন চলছে, তাঁরা কেন আসেননি?’ আদালত আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতেই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১