রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি, আপিল হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি। তিনি বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে আমাদের অ্যাটর্নি জেনারেল আপিল করবেন। আমরা প্রত্যাশা করছি, সেখানে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হবে।’ আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক আনুষ্ঠানিক বৈঠক করেন ১৪ দলের নেতারা। বৈঠকের পর জোটের পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ। সেখানে তিনি এসব কথা বলেন। জামায়াতের নেতা কাদের মোল্লার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘রায়ে আপনি সন্তুষ্টও হতে পারেন, অসন্তুষ্টও হতে পারেন।’ তবে রায় তাঁদের প্রত্যাশামতো হয়নি বলে জানান তিনি। কাদের মোল্লা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ, ১৪ দল ও পুরো জাতি এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিল। হানিফ বলেন, ‘আওয়ামী লীগ আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে। অ্যাটর্নি জেনারেল সিদ্ধান্ত নিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন।’ সরকার বলছে, জামায়াত-শিবির নামলে প্রতিহত করা হবে; অন্যদিকে পুলিশ মতিঝিলের ব্যস্ত রাস্তায় জামায়াত-শিবিরকে সমাবেশের অনুমতি দিল। এটা সরকারের দ্বৈতনীতি কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘জামায়াতের সঙ্গে আপস করার সুযোগ নেই। আমরা এটা বিশ্বাসও করি না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন জামায়াত-শিবিরকে সমাবেশের অনুমতি দিয়েছিল—তাদের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান হানিফ। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত ছিল বলে তারা কারণ জানাতে পারেনি। জানতে পারলে সবাইকে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার নিবন্ধের সমালোচনারায়ের প্রতিক্রিয়া ছাড়াও ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় প্রকাশিত বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার নিবন্ধের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতা হানিফ। দলের পক্ষ থেকে তিনি বলেন, ওই নিবন্ধ লিখে খালেদা জিয়া তিনটি অপরাধ করেছেন। প্রথমত, তিনি ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য একটি দেশকে ধন্যবাদ দিয়েছেন। এটিকে ৩০ লাখ শহীদের আত্মার সঙ্গে বেইমানি বলে চিহ্নিত করেছে ১৪ দল। কারণ, ওই দেশটি স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল। দ্বিতীয়ত, নিবন্ধে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া তৈরি পোশাকশিল্পে জিএসপি-সুবিধা বাতিলের আবেদন করেন। এটিও একটি আত্মঘাতী সিদ্ধান্ত ও জাতিকে ধ্বংস করার শামিল বলে মনে করে ১৪ দল। তৃতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয় তুলে খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছেন এবং এ জন্য তাঁর বিচার করা যাবে বলেও মনে করে ১৪ দল।