রায়কে স্বাগত জানালেন মহাজোটের সাংসদেরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ায় রায়কে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদেরা। আজ বৃহস্পতিবার সংসদের অনির্ধারিত আলোচনা ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনার সময় সাংসদেরা রায়কে স্বাগত জানান। সাংসদেরা বলেন, এ রায়ে জাতি আজ আনন্দিত। রায় স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। এরপর অনির্ধারিত আলোচনা শুরু করেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘কাদের মোল্লার রায়ের পর সংসদে আমরা হতাশা প্রকাশ করেছি। আজও একটি রায় হয়েছে। এ রায় স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। সমস্ত জাতি আজ আনন্দিত।’মেনন অভিযোগ করেন, অষ্টম সংসদে সাঈদী ‘অন্যায়ভাবে’ সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আদালতের রায় ছিল আওয়ামী লীগের সুধাংশ শেখর হালদারের পক্ষে। এখন সাঈদীর সদস্যপদ বাতিল করে সুধাংশু শেখরের প্রতি সম্মান জানানো উচিত। মেনন বলেন, সংসদীয় কমিটি প্রমাণ পেয়েছে, সাঈদী ব্যক্তিগত জীবনেও অপরাধী। ধর্মের অপব্যবহার করেই ক্ষান্ত থাকেননি, শিক্ষাসনদ জাল করে বয়স সংশোধন করেছেন। আওয়ামী লীগের সাংসদ আমির হোসেন আমু বলেন, ‘এই রায়ের মাধ্যমে জাতি পাপমুক্ত হয়েছে। এর রায়ের প্রতি ১৬ কোটি মানুষের সমর্থন আছে।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের স্লোগান ফেরত নিয়ে এসেছে। কিন্তু জামায়াত ধর্মকে ব্যবহার করে অনেককেই বিপথগামী করছে। জামায়াত-শিবির শহীদ মিনার ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে, মসজিদে আগুন দিয়েছে।’আলোচনায় সুবিদ আলী ভূঁইয়া, শাহীন মেনোয়ারা হক, ফজিলাতুন নেসা বাপ্পী প্রমুখও অংশ নেন। আলোচনা শেষে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।