রায়ে সন্তুষ্ট নন আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের রায়ে সন্তুষ্ট নন আইনমন্ত্রী শফিক আহমেদ। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও একই মনোভাব জানিয়ে হতাশা প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার জামায়াতের নেতা কাদের মোল্লার রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুই মন্ত্রী। এই রায়ের বিরুদ্ধে বাদী ও বিবাদী উভয় পক্ষের আপিল করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। প্রসিকিউশন টিম যদি মনে করে এ রায়ের বিরুদ্ধে আপিল করার প্রয়োজন আছে, তবে তারা সেটা করতে পারবে।’ বাদী ও বিবাদী উভয় পক্ষই আপিল করতে পারবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, প্রসিকিউশনের মতামতের ওপর আপিলের বিষয়টি নির্ভর করবে। রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে তিনি মন্ত্রী হিসেবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। একই সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ অন্য কিছু আশা করেছিল। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘এ রায়ে আমরা হতাশ।’ আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুপুর সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।