রায়ে হতাশ অ্যাটর্নি জেনারেল (ভিডিও)
মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায়ের পর আজ মঙ্গলবার তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রত্যাশা করেছিলাম পাঁচ ও ছয় নম্বর অভিযোগে কাদের মোল্লার মৃত্যুদণ্ড হবে। কিন্তু রায়ের মাধ্যমে প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের পরবর্তী করণীয় পরে বসে ঠিক করা হবে।’আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এটি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় ও জামায়াতের কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে করা মামলায় প্রথম রায়।
প্রসঙ্গত, কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল। পঞ্চম অভিযোগ অনুসারে, একাত্তরের ২৪ এপ্রিল পাকিস্তানি সেনা ও অবাঙালি রাজাকারদের সঙ্গে কাদের মোল্লা মিরপুরের আলোকদী (আলুব্দী) গ্রামে হামলা চালান। ওই ঘটনায় ৩৪৪ জনের বেশি নিহত হন। আর ষষ্ঠ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৬ মার্চ কাদের মোল্লা, তাঁর সহযোগী ও পাকিস্তানি সেনারা মিরপুরের ১২ নম্বর সেকশনে হযরত আলী লস্করের বাসায় যায়। কাদের মোল্লার নির্দেশে হযরত, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও দুই বছরের এক ছেলেকে হত্যা করা হয়, ধর্ষণের শিকার হন এক মেয়ে। এই দুই অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।