রায়ের বিরুদ্ধে আপিল করবেন মুজাহিদ
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদের ছোট ছেলে আলী আহমদ মাবরুর ও আইনজীবী সাইফুর রহমান এ কথা জানান।মুজাহিদের ছোট ছেলে আলী আহমদ মাবরুর প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বাবা একজন নিরপরাধ মানুষ। কেবল ইসলামী আন্দোলন করার কারণে এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কল্পিত মিথ্যাচার রচনা করা হয়েছে। এই রায়ে আমরা সংক্ষুব্ধ।’ কতগুলো বইয়ের ওপর নির্ভর করে তাঁকে আজ সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আলী আহমদ মাবরুর। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।মুজাহিদের আইনজীবী সাইফুর রহমানও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালত যে বিষয়গুলো আমলে এনে তাঁকে (মুজাহিদ) শাস্তি দিয়েছেন, তার অন্যতম বিষয় হলো, তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন। সুপিরিয়র রেসপনসিবিলিটির কারণে তাঁকে মূলত আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়েছে। জামায়াতের নেতা হিসেবে অভিযুক্ত করে এই রায় দেওয়া হয়েছে। এটা ন্যায়বিচার নয়। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।