রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাঈদী (ভিডিও)
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক।মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ বৃহস্পতিবার সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার ৪৫ মিনিট পর আবদুর রাজ্জাক তাঁর ধানমন্ডির বাসাভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই আপিল করার কথা জানান। আবদুর রাজ্জাক বলেন, ‘এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। আমাদের আশা, আপিলে আমরা সুবিচার পাব।’ সাঈদীর বিরুদ্ধে রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যা দিয়ে রাজ্জাক দাবি করেন, ‘রায়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারে মৃত্যুদণ্ডাদেশের রায় শুনে আমরা স্তম্ভিত ও বিস্মিত হয়েছি। তাঁর এক মিনিটেরও জেল হওয়ার কথা নয়। বেকসুর খালাস পাওয়ার কথা। কারণ সন্দেহাতীতভাবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।’ রাজ্জাক আরও দাবি করেন, ‘মাওলানা সাঈদীর ওপর চরম অবিচার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো যে কত বড় মাপের মিথ্যাচার, এর প্রমাণ সাক্ষীদের বক্তব্য প্রদানে বাধা দেওয়া। তাঁকে সাজা দেওয়ার ন্যূনতম উপাদান না থাকলেও তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে তাঁর প্রতি চরম অন্যায় করা হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্জাক দাবি করেন, ‘শাহবাগ আন্দোলনের চাপের মুখে এ রায় দেওয়া হয়েছে কি না, তা বিচারকই ভালো বলতে পারবেন।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।সাঈদীর বিরুদ্ধে থাকা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রমাণিত এই আটটি অভিযোগ হলো: ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন ট্রাইব্যুনাল-১।