রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়টি মন্ত্রিপরিষদে আলোচিত হয়নি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাশিয়া থেকে অস্ত্র কেনার বিষয়টি মন্ত্রিপরিষদে আগে আলোচিত হয়নি এবং বিষয়টি আমার নিজেরও জানা ছিল না।’ আজ শনিবার বিকেলে ফরিদপুরে বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।ফরিদপুর শহরের অম্বিকা ময়দান প্রাঙ্গণে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ঋণ নিয়ে রাশিয়া থেকে ১০০ কোটি ডলার ব্যয়ে অস্ত্র কেনা, বিদেশে কর্মরত বাংলাদেশি দুর্ঘটনায় প্রাণ হারালে তাঁদের স্বজনদের চাকরির ব্যবস্থা করা, পেপার সেপ্র ব্যবহার ও স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়ন বিষয়ে প্যানেল আলোচক ও উপস্থিত দর্শকেরা মতামত দেন। প্যানেল সদস্য হিসেবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির ও ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ অংশ নেন। রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়ের চুক্তিতে দেশের স্বার্থ কতখানি রক্ষা হয়েছে, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর প্রশ্নের জবাবে খুশী কবির বলেন, অস্ত্র দিয়ে দেশ রক্ষা করা যায় না। শাহ জাফর বলেন, এ অস্ত্র কেনার ব্যাপারে স্বচ্ছতার অভাব রয়েছে। শেখ সামাদ বলেন, অস্ত্র কেনার আগে প্রয়োজন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।বিদেশে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির স্বজনকে চাকরি দেওয়ার বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের কেউ দেশে বা বিদেশে চাকরির জন্য উত্সাহিত হলে তাঁদের সহযোগিতা করা হবে।খুশী কবির বলেন, ‘আমাদের দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করে না।’ ‘পেপার স্প্রে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাঁরা আন্দোলন করেন তাঁদের কি ফুলের মালা দেওয়া হবে’ এ সম্পর্কিত প্রশ্নের জবাবে খুশী কবির বলেন, আন্দোলন দমন করতে ফুলের মালা নিয়ে গেলে দেশের অবস্থা অনেক ভালো হতো। শেখ সামাদ বলেন, পেপার স্প্রে মানুষের শরীর ও চোখের জন্য ক্ষতিকর, এর জন্য ক্যানসারও হতে পারে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, পেপার স্প্রে শরীরের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেললে, তার বিষয়ে অবশ্যই ভাবতে হবে।বিবিসি বাংলা বিভাগের প্রতিবেদক আকবর হোসেনের সঞ্চালনায় বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা বিভাগ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।