রাশিয়া পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর প্রথম বিদেশ সফরে আজ শুক্রবার রাশিয়া পৌঁছেছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিন দিনের রাশিয়া সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রীও রয়েছেন। এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ-সংক্রান্ত একটি চুক্তি হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন শি।প্রথম বিদেশ সফরে জিনপিংয়ের রাশিয়া বেছে নেওয়ার বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এশিয়ায় মার্কিন আধিপত্য ঠেকানোর কৌশল হিসেবে চীন এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে জিনপিংয়ের রাশিয়া সফর যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য একটা বার্তাও বটে।মস্কো সফরের আগে এক সংবাদ সম্মেলনে রাশিয়া ও চীনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন জিনপিং। তাঁর মতে, দেশ দুটি একই ভাষায় কথা বলে। জিনপিং বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দুই দেশ পরস্পরের জন্য আরও বেশি উন্নয়নের সুযোগ করে দিচ্ছে।চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দিন দিন বাড়ছে। গত বছর দুই দেশের মধ্যে আট হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়েছে।রাশিয়া সফরের পর তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো সফরে যাবেন জিনপিং। ২৭ ও ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ‘ব্রিকসের’ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এ পাঁচটি উদীয়মান অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত সংগঠন) সম্মেলনে যোগ দেবেন তিনি। আজ থেকে শুরু হওয়া তাঁর এ বিদেশ সফর চলবে ৩০ মার্চ পর্যন্ত।