রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদুকোভকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পর সারদুকোভকে বরখাস্ত করা হলো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দুর্যোগ প্রতিরোধবিষয়ক-মন্ত্রী ও মস্কোর গভর্নর সার্গেই সইগু। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখানো হয়, প্রেসিডেন্ট পুতিন নতুন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর দায়িত্ব বিষয়ে আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে, দেশটির সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম দেখভাল করবেন সইগু।টেলিভিশনে পুতিন বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সুষ্ঠু তদন্তকাজের স্বার্থে আমি প্রতিরক্ষামন্ত্রী সারদুকোভকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’একদল তদন্তকারী গত মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দপ্তরে ঝটিকা পরিদর্শনে যান। দলটি দেখতে পায়, মন্ত্রণালয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে প্রায় ১০ কোটি ডলার ক্ষতিতে বেশকিছু সম্পত্তি বিক্রি করেছে। এরপর দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী সারদুকোভের সঙ্গে এক সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সম্পর্ক বিষয়েও তদন্ত শুরু হয়েছে।সাবেক কর কর্মকর্তা সারদুকোভ ২০০৭ সালে প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব নেন। লোকবল হ্রাস করার পর সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম তত্ত্বাবধান ছিল তাঁর প্রধান দায়িত্ব। নতুন প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু ১৯৯৪ সাল থেকে এ বছরের শুরুর দিক পর্যন্ত দুর্যোগ প্রতিরোধবিষয়ক-মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর অল্প সময়ের জন্য মস্কো অঞ্চলের গভর্নরের দায়িত্বে ছিলেন।