রাশিয়ার ইনগুশেতিয়ায় আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ নিহত
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইনগুশেতিয়া অঞ্চলে গতকাল সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশের দুজন সদস্য নিহত হয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ায় চালানো এটি তৃতীয় আত্মঘাতী বোমা হামলা। প্রথমে ২৯ মার্চ রাজধানী মস্কোর পাতাল রেলে, গত বুধবার প্রধানত মুসলমান অধ্যুষিত দাগেস্তানে ও গতকাল ইনগুশেতিয়ায় চালানো এই সিরিজ আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। ইসলামি শরিয়াহিভত্তিক একটি ককেশীয় রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মস্কোয় হামলার দায়িত্ব স্বীকার করার পর ধারণা করা হচ্ছে যে তারা রাশিয়ার প্রধান শহরগুলোতে হামলা চালানোর একটি পরিকল্পনার অংশ হিসেবে সোমবারের বোমা হামলাটি চালায়।সোমবার প্রথমে ইনগুশেতিয়ার আঞ্চলিক রাজধানী মাগাস থেকে ২০ কিলোমিটার দূরের কারাবুলাক শহরের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ফেডারেল পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমবেশি ৩০ বছরের এক ব্যক্তি পুলিশ স্টেশনটিতে জোর করে প্রবেশ করার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয়। লোকটি তখন তাঁর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই পুলিশের দুজন সদস্য নিহত হন। এর এক ঘণ্টা পর দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। ওই পুলিশ স্টেশনের সামনেই দাঁড় করানো বিস্ফোরকবোঝাই একটি গাড়িতে দূরনিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। প্রচণ্ড এই বিস্ফোরণে কারাবুলাকের প্রধান প্রসিকিউটর, পুলিশের সাতজন সদস্য ও একজন বেসামরিক নাগরিক আহত হন। তবে আহত ব্যক্তিরা মৃত্যুর আশঙ্কামুক্ত বলে জানা গেছে।রয়টার্স জানিয়েছে, গাড়িবোমাটির বিস্ফোরণে একই জায়গায় দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।