রাশিয়ার বিমানবন্দরে হামলার দায় স্বীকার চেচেন নেতার
ইসলামপন্থী চেচেন বিদ্রোহী নেতা দোকু উমারোভ রাশিরায় দোমোদেদোভ বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেন। উমারোভ বলেছেন, তিনিই ওই হামলার নির্দেশ দিয়েছেন। গত ২৪ জানুয়ারি মস্কোর দোমোদেদোভ বিমানবন্দরের অভ্যর্থনা কক্ষে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৩৬ ব্যক্তি নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়।গতকাল সোমবার একটি ইসলামি ওয়েবসাইটে দেওয়া ভিডিও বার্তায় চেচেন বিদ্রোহী নেতা দোকু উমারোভ এ কথা স্বীকার করেন। চেচনিয়ার স্বাধীনতার জন্য ভবিষ্যতে এ ধরনের আরও হামলা চালানো হবে বলেও তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দোকু উমারোভ বলেন, ‘আমার নির্দেশেই ওই বিশেষ অভিযান চালানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের আর অভিযান চলবে।’ইসলামপন্থী চেচেন বিদ্রোহীরা রাশিয়ার কাছে থেকে স্বাধীনতা পাওয়ার জন্য জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। এ লক্ষ্যে তারা রাশিয়ায় অসংখ্য আত্মঘাতী হামলা চালিয়েছে। রয়টার্স।