রাশিয়ার সঙ্গে সম্পাদিত অস্ত্র চুক্তি বাতিল করল ইরাক
দুর্নীতির আভাস পাওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পাদিত ৪২০ কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল করেছে ইরাকের সরকার। প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির একজন মুখপাত্র আজ শনিবার বলেন, ইরাকি প্রধানমন্ত্রী অস্ত্র চুক্তি নিয়ে একটি তদন্ত শুরু করেছেন। যুদ্ধক্ষেত্রে ব্যবহূত হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কিনতে গত মাসে চুক্তিটি করা হয়েছিল। আজ শনিবার চুক্তি বাতিল প্রসঙ্গে মালিকির মুখপাত্র বিবিসিকে বলেন, গত মাসে ইরাকি প্রধানমন্ত্রী রাশিয়া থেকে ফিরে চুক্তিতে দুর্নীতির আভাস পান। এ জন্য তিনি পুরো চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এ চুক্তির ব্যাপারে একটি তদন্ত চলছে। গত মাসের (অক্টোবর) শুরুতে মালিকি বলেছিলেন, ইরাক একক কোনো দেশ থেকে অস্ত্র কিনবে না। তখন রাশিয়ার সঙ্গে চুক্তি করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের একাধিক অস্ত্র চুক্তি থাকা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। চুক্তি বাতিলের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।