রাশিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১২, আহত ৪১
রাশিয়ার সাইবেরিয়ায় একটি কয়লাখনিতে দুটি বিস্ফোরণ অন্তত ১২ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। রাশিয়ার কয়লাসমৃদ্ধ কুজবাসের কেমেরোভো অঞ্চলের রাসপাদস্কায়া খনিতে এই বিস্ফোরণ হয় গতকাল শনিবার মধ্যরাতের কিছু আগে। প্রথম বিস্ফোরণটি ঘটে মিথেন গ্যাস থেকে। তবে দ্বিতীয় বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।খনির বিপজ্জনক পরিস্থিতি এবং আরও বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভেন্টিলেশন শ্যাফট দিয়ে ঢোকা গ্যাস ও ধোঁয়ায় পুরো খনি আচ্ছন্ন হয়ে গেলে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। এখন বাইরে থেকে বাতাস পাম্প করে খনির ভেতরের বায়ু সহনীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। আঞ্চলিক জরুরি অবস্থা কর্মকর্তা বালারি করচাগিন বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে জানান, খনিতে এখন ৬৪ জন শ্রমিক ও ২০ জন উদ্ধারকারী আটকা পড়ে আছে। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর খনি থেকে যে দুই শতাধিক লোক বেরিয়ে আসতে পেরেছিলেন তাদের মধ্যে ওই ১২ জনও ছিলেন বলে করচাগিন জানান। রাসপাদস্কায়া কোম্পানির বরাত দিয়ে ইতার তাস বার্তা সংস্থা জানায়, খনিতে আটকে পড়া তিনটি উদ্ধারকারী দলের ২০ জন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তা কারও জানা নেই। কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেয়েভ বলেন, এ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম চালানোর অর্থ হলো আরও বেশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তিনি বলেন, খনিতে কাজ করার মতো অবস্থা ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার উদ্ধারকাজ শুরু করা হবে। খনি দুর্ঘটনার পর প্রেসিডেন্ট দমিত্রি মেদভেদেভ খনি শ্রমিকদের উদ্ধারের জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও এ ব্যাপারে গভর্নর আমান তুলিয়েভের সঙ্গে কথা বলেছেন।