রাশিয়ায় তুষারপাতে জমে গেছে আস্ত সাগর! (ভিডিও)
গত কয়েক সপ্তাহের তীব্র তুষারপাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত আজভ সাগর জমে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তুষারপাতে রাস্তাঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওচিত্রে গতকাল দেখা গেছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের ‘আজভ সি’ নামের সাগরে আটকা পড়েছে বহু জাহাজ। সাধারণত শীতের মৌসুমে এই সাগর জমে না। কিন্তু, এবারের শীতে ওই সমুদ্রপৃষ্ঠের ওপর দেড় ফুট পর্যন্ত বরফের আস্তর পড়ে গেছে। এরই মধ্যে বরফ কেটে চলতে সক্ষম এমন জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু তাতেও খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। কারণ, দিন দিন মোটা হয়ে যাচ্ছে বরফের আস্তরণ।
বরফে আটকা পড়া জাহাজ টেনে নিতে সহায়তাকারী ইভান কোভালেঙ্কো রয়টার্সকে বলেন, ‘ঘণ্টায় দুই থেকে তিন কিলোমিটার করে সমুদ্র পাড়ি দিচ্ছি। বিষয়টা এমন যে, আমরা সবাই যেন স্থির হয়ে গেছি। কেউ নড়াচড়াও করতে পারছি না।’ রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, সাগরে বহু জাহাজ আটকে আছে। তাদের খাবার ও পানি সরবরাহও কমে আসছে। দেশটির দক্ষিণাঞ্চলের ‘অনুসন্ধান ও উদ্ধার ইউনিটে’র উপপ্রধান ভ্লাদিস্লাভ অ্যানোশচেখো বলেন, এ ধরনের অস্বাভাবিক আবহাওয়ার কবলে পড়তে হবে, এমন ধারণা কারও ছিল না। রাশিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতেও দেশটির দক্ষিণাঞ্চলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। সে সময় ওই অঞ্চলের তাপমাত্রা শূন্যেরও ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে।