রাশিয়ায় নতুন করে পুতিনবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুতিনবিহীন রাশিয়া’র দাবিতে রাজধানী মস্কোতে আজ শনিবার নতুন করে সমাবেশ শুরু করেছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা-কর্মীরা। বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিরোধী দল কতটুকু সমর্থ, তার পরীক্ষা হতে যাচ্ছে এ সমাবেশের মধ্য দিয়ে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পুশকিন স্কয়ারের প্রাণকেন্দ্র থেকে আজ মেঘলা দিনেও হাজার হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবন ক্রেমলিনের দিকে রওনা দেয়। তিন মাসের মধ্যে এটি সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল ‘পুতিন এক পরজীবী’ লেখা ব্যানার। অনেকে এসেছিল টি-শার্ট পরে। তাতে পুশি রায়ট পাঙ্ক ব্যান্ড সংগীতদলের তিন সদস্যের মুক্তির দাবিতে স্লোগান লেখা ছিল।বিক্ষোভে অংশ নেওয়া ৩৫ বছর বয়সী শিপিং কোম্পানির শ্রমিক সার্গেই ইয়েভসেয়েভ বলেন, ‘আমরা অরাজকতা, দুর্নীতি, নাগরিক স্বাধীনতাহীনতা, স্বাধীন বিচার বিভাগের অনুপস্থিতি ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে আন্দোলন করছি।’ তিনি বলেন, পুতিন যেভাবে দেশ শাসন করছেন, তা এখন আর কার্যকর নয়। এক দশক আগে পুতিন যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন হয়তো তা ঠিক ছিল। তিনি বলেন, ‘তিনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন আমাদের এ রক্ষণশীলতা দরকার ছিল; কিন্তু এখন এর আর কোনো দরকার নেই। কারণ, সমাজ এখন স্থিতিশীলতা অর্জন করেছে।’