রাশিয়ায় বন্ধ হচ্ছে ইউএসএআইডির কার্যক্রম
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) রাশিয়ায় তাদের সব দপ্তর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ রাশিয়া সে দেশে ওই মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ করে দেবে বলে জানিয়েছে।আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানিয়ে বলা হয়, মস্কো এর আগে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করতে ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। গণতন্ত্রপন্থী প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিদ্বেষের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।ইউএসএআইডি দুই দশক ধরে রাশিয়ায় গণতন্ত্র ও অন্যান্য বিষয়ে কাজ করে আসছিল। এ কাজে তারা এ পর্যন্ত ব্যয় করেছে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। চলতি বছরেও তাদের বরাদ্দ ছিল পাঁচ কোটি ডলার।এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছিলেন, মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কারণে তাঁর দ্বিতীয় মেয়াদের নির্বাচন ঘিরে বিক্ষোভ তৈরি হয়েছে।ইউএসএআইডির সব দপ্তর বন্ধ করার ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘রাশিয়ায় গণতন্ত্রকে সমর্থন, মানবাধিকার রক্ষা ও নাগরিক সমাজের আরও ব্যাপক উন্নয়নের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই রাশিয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।’ রুশ সরকারের এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে ভিক্টোরিয়া নুল্যান্ড কিছু বলেননি। তবে তিনি বলেন, ‘মনে হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের আর এ ধরনের সহযোগিতার প্রয়োজন নেই।’উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ায় তাদের উন্নয়ন সহযোগিতামূলক কার্যক্রম শুরু করে। মানবাধিকার, নাগরিক সমাজ, স্বাস্থ্য ও পরিবেশগত বিভিন্ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ব্যয় ছিল প্রায় ২৭০ কোটি মার্কিন ডলার।