রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। এদের সাতজনেরই অবস্থা গুরুতর। বিমানটি রানওয়েতে অবতরণের সময় ভেঙে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা অ্যানদ্রিইয়ানোভা আজ মঙ্গলবার বার্তা সংস্থাকে বলেন, গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে টুপোলেভ-১৩৪ বিমানটি পেত্রোজাভোদস্ক শহরের বাইরে বেসোভেতস বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে নয়জন ক্রুসহ ৫২ জন আরোহী ছিল। বিমানটি মস্কোর দমোদেদোভো বিমানবন্দর থেকে রওনা দেয়। রাশিয়ার একটি ওয়েবসাইট জানিয়েছে, দুর্ঘটনায় ১০ বছরের একটি শিশু বেঁচে গেছে। তবে ওয়েবসাইটে শিশুটির অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। একজন মেডিকেল কর্মী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা একটি শিশুকে হাসপাতালে দিয়েছি। তার অবস্থা আশঙ্কাজনক।’