রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পোল্যান্ডের প্রেসিডেন্টসহ ১৩২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কিকে বহনকারী একটি বিমান আজ শনিবার সকালে রাশিয়ায় বিধ্বস্ত হয়ে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। পোলিশ প্রেসিডেন্টকে বহনকারী টুপুলেভ টু-১৫৪ বিমানটি মস্কো থেকে রাশিয়ার স্মোলেন্সক যাচ্ছিল। প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রী মারিয়া ও পোল্যান্ডের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ছিলেন।রাশিয়ার স্মোলেন্সকের গভর্নর আন্তুফিয়েভ জানান, বিমানের আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।প্রেসিডেন্ট কাজিনস্কি কাতিন গণহত্যা বার্ষিকী উপলক্ষে তাঁর সামরিক প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রধান কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়ে রাশিয়ায় অবস্থান করছিলেন। তাঁরাও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইন জানায়।স্মোলেন্সকের গভর্নর জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে বিমানটি স্মোলেন্সক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। স্মোলেন্সক বিমানবন্দরের দেড় কিলোমিটার আগে কিছু গাছের সঙ্গে বিমানটি লেগে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়।গভর্নর বলেন, ‘আমরা বের করার চেষ্টা করছি, প্রতিনিধিদলে কতজন অতিথি ছিলেন। প্রাথমিকভাবে পোল্যান্ডের ৮৫ জন প্রতিনিধি ও বাকিরা বিমানের ক্রু ছিলেন বলে জানা গেছে।’টুপুলেভ বিমান শতাধিক যাত্রী বহন করতে সক্ষম।