রাশিয়ায় সাময়িক আশ্রয় পেতে পারেন স্নোডেন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় সাময়িক আশ্রয় পেতে পারেন। আগামীকাল বুধবার শেষ হতে পারে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তাঁর মাস খানেক ধরে আটকা পড়ে থাকা। কাগজপত্রে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই মিলবে তাঁর নগরের কেন্দ্রে অবস্থানের সুযোগ।স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা এ কথা জানান। আজ মঙ্গলবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।আনাতোলি কুচেরেনা বলেন, ১৬ জুলাই এ আবেদন করা হয়। স্নোডেন মনে করেন, লাতিন আমেরিকায় যাওয়া তাঁর জন্য নিরাপদ হবে না। যুক্তরাষ্ট্র চাইবে সেখান থেকে তাঁকে ফেরত এনে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার করতে। স্নোডেনের আইনজীবীর ভাষ্য, স্নোডেন খুব অল্প সময়ের মধ্যে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়ার সুযোগ পাবেন। তিনি বলেন, সাময়িক আশ্রয়ের প্রক্রিয়ায় তিন মাসের বেশি সময় লাগতে পারে। লাখ লাখ ফোনকল ও অনলাইন তৎপরতায় মার্কিন প্রশাসনের গোপন নজরদারির তথ্য ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে যান স্নোডেন। গত ২৩ জুন তিনি হংকং ছেড়ে রাশিয়া যান। তখন থেকে স্নোডেন মস্কোর শেরেমেয়িতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নজরদারি প্রকল্পের তথ্য ফাঁস না করার শর্তেই রাশিয়ায় থাকতে পারবেন স্নোডেন। ভেনেজুয়েলা, বলিভিয়া ও নিকারাগুয়া তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে চেয়েছে। এসব দেশের সঙ্গে রাশিয়ার সরাসরি বিমান যোগাযোগ নেই।