রাশেদ মিয়া মিরপুর ২ নম্বর সেকশনে রিকশাভ্যানে করে আনারস বিক্রি করেন। তিন বছর ধরে মৌসুমি ফলের ব্যবসা করছেন তিনি। খুব ভোরে কারওয়ান বাজারে যান। সেখান থেকে ফল কিনে আনেন। তারপর ঘণ্টা খানেক ঘুমিয়ে নেন রাশেদ। ঘুম থেকে উঠে ভাত খেয়ে আনারস নিয়ে বেরিয়ে যান। বেচাবিক্রি চলে সন্ধ্যা পর্যন্ত। রাশেদের ক্রেতারা আস্ত আনারস বাসায় নিয়ে যান। কেউ কেউ দাঁড়িয়েই আনারস খেতে চান। তাঁদের আনারস চাকু দিয়ে কেটে দেন রাশেদ মিয়া।তিনি জানান, প্রতিদিন হাজার দুয়েক টাকার আনারস কেনেন। একটি জলডুগি আনারস কেনা পড়ে ১০ টাকায়। বিক্রি করেন ১৫ টাকায়। ছোট আনারসগুলো একটু কম দামে বিক্রি করতে হয়।রাশেদের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তিনি ১৯৯০ সালের দিকে ঢাকায় আসেন। তখন মহাখালীর একটি হাসপাতালে পিয়নের কাজ নেন। সেখানে ভোর থেকে বিকেল পর্যন্ত কাজ করতেন। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বাংলামোটরের জোহরা মার্কেটের খাতুন হোমিও হলে পিয়ন হিসেবে কাজ করতেন। দুই জায়গায় কাজ করে মাসে ৬০০-৭০০ টাকা পেতেন। খাতুন হোমিও হলে একসময় কম্পাউন্ডার হন। রাতে এখানেই থাকতেন রাশেদ। বছর কয়েক আগে জোহরা মার্কেট ভেঙে ফেলা হয়। খাতুন হোমিও হল বন্ধ হয়ে যায়।চাকরি হারিয়ে রাশেদ গ্রামের বাড়িতে ফিরে যান। গ্রামের বাজারে হোমিওপ্যাথির দোকান দেন। তিনি জানান, বাকি-বকেয়ার কারণে এক বছরও দোকান চলেনি। ওই সময়ই বিয়ে করেন। স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় ফিরে আসেন রাশেদ।তিনি জানান, ঢাকায় এসে কিছুদিন বেকার ছিলেন। এখানে-সেখানে কাজ খুঁজেছেন। থাকা-খাওয়ার জায়গা ছিল না। বাংলামোটর এলাকার এক মার্কেটের দারোয়ানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। দারোয়ানের সঙ্গে সিঁড়িতে ঘুমাতেন।সে সময় এক চোরের সঙ্গে রাশেদ মিয়ার সম্পর্ক হয়। অভাবের তাড়নায় ছিঁচকে চুরি শুরু করেন। এভাবে দুই বছর কাটে। ইস্কাটনের গাউসনগরে এক বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েন রাশেদ। প্রচুর মার খেতে হয়। চুরির দায়ে হাজতও খাটতে হয়। সেখান থেকে বেরিয়ে এসে রাশেদ শোনেন যে তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। কারণ বাড়ির সবাই জেনে গেছে, রাশেদ ঢাকায় চুরি করেন। অথচ তাঁর বাবা ছিলেন পুলিশের সেপাই।এরপর আর রাশেদ চুরি করেননি। কিছুদিন ঢাকায় রিকশা চালিয়েছেন। কিছুতেই চোরের জীবনে আর ফিরে যাবেন না বলে সিদ্ধান্ত নেন। বড় শ্যালকের বিয়েতে শ্বশুরবাড়ি গিয়ে আবার ঝামেলায় পড়েন রাশেদ। বিয়ের দুই দিন পর নতুন বউয়ের কিছু গহনা খোয়া যায়। রাশেদকে তাঁর স্ত্রী বুলবুলি এসে বলে, ‘তুমি গয়নাগুলি চুরি করছ।’এই অপমান সহ্য করতে পারেননি রাশেদ। সরাসরি ঢাকায় চলে আসেন। এরপর আর গ্রামের বাড়িতে যাননি। এখন মিরপুরে একটা মেসে থাকেন। সারা দিন ফল বিক্রি করেন। রাতের বেলা মেসে কিছু সময় টিভি দেখে ঘুমিয়ে পড়েন। গ্রামের খোঁজখবর রাখেন রাশেদ। তাঁর মা-বাবা মারা গেছেন। স্ত্রী বুলবুলিরও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। রাশেদ বলেন, ‘ভাইরা আছে বাড়িতে। কিছুদিন আগে বাড়ির কথা মনে পড়ছিল খুব। ওই রাইতেই বাড়ি চইলা যাই। সারা বাড়ি ঘুইরা দেইখা অন্ধকার থাকতেই আবার ঢাকায় চইলা আসি।’