রাশেদ রানার বয়স আর কত হবে! বড়জোর ২৬। তাঁর দেখা মেলে পল্টন-ফকিরেরপুল এলাকার রাস্তায়। হাঁটুর ওপর কাগজ রেখে কিছু একটা লিখে চলেছেন। তাঁর পাশে পড়ে আছে কুড়ানো কাগজ। তাতে নানা কথা লেখা। জসীমউদ্দীনের কবিতার পঙিক্ত। কোথাও লেখা, ‘রাশেদ, রাশেদ, রাশেদ কই? আমার বাড়ি চাঁদপুর শাহরাস্তি। জীবনের সাথে আমার বন্ধুত্ব ছিল। জীবন আর্মির অফিসার। আমার বোন নিনা স্কুলে মাস্টারি করে। রায়েরবাজার থাকে।’ এমন এলোমেলো কথামালা।রাশেদের শার্ট-প্যান্টের পকেটভর্তি কাগজ। চুপচাপ বসে থাকেন রাস্তায়। খুব একটা কথা বলেন না। আশপাশে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাশেদ রানা রাতে বায়তুল মোকাররমের বারান্দায় ঘুমান। পুরোনো কাপড়ের ব্যবসায়ী শহীদ রাশেদের পরিচয় জানালেন। তাঁর ভাষ্যমতে, রাশেদ চাঁদপুর কলেজের ছাত্র ছিলেন। পারুল নামের একটা মেয়ের সঙ্গে তাঁর প্রেম ছিল। পারুল কবিতা লিখতেন। রাশেদও চাঁদপুরে লিটল ম্যাগাজিন ও পত্রপত্রিকায় ছড়া-কবিতা লিখতেন। এভাবেই তাঁদের ঘনিষ্ঠতা।ইতালিপ্রবাসী এক ছেলের সঙ্গে পারুলের বিয়ে হয়ে যায়। ভেঙে যায় রাশেদ-পারুলে প্রেম। পারুল কিছুদিন শ্বশুরবাড়িতে পল্টন এলাকায় ছিলেন। সে সময় প্রতিদিন পারুলের বাসায় আসতেন রাশেদ। এ কারণে পারুলের শ্বশুরবাড়ির লোকজন রাশেদ রানাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর পরই রাশেদের মনোজগৎ পাল্টে যায়। রাস্তার পাশে প্রতিদিন বসে থাকেন তিনি। পরিবারের কেউ আর তাঁর খোঁজখবর নেন না।এক রাতে দেখা গেল, বায়তুল মোকাররমের বারান্দায় হাঁটুর ওপর কাগজ রেখে লিখছেন। পাশে টুকরো টুকরো লেখা কাগজ ছড়িয়ে-ছিটিয়ে আছে। রাশেদ লেখা কাগজ পকেটে গুঁজে রাখছেন। সেসব কাগজে ভাঁজ পড়ছে। ছেঁড়া-ময়লা জামাকাপড় পরনে, এলোমেলো বিষণ্ন চোখ রাশেদ রানার।