ফারজানা রিতা ও তাঁর দুই শিশুসন্তানের ‘প্ররোচিত আত্মহত্যা’ মামলায় ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রাশেদুলের ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী ও গাড়িচালক আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অব্যাহতি পেয়েছেন রাশেদুলের বাবা সাংবাদিক শফিকুল কবির, মা, দুই বোনসহ পাঁচজন। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৩১ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।তবে ফারজানা রিতার পরিবার থেকে বলা হয়েছে, এ আদেশে তাঁরা সংক্ষুব্ধ। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। গত বছরে ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখেন। মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা নিয়ে রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় একটি মামলা করেন। এ মামলায় রাশেদুল কবির, তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রাশেদুলের বাবা শফিকুল কবির, মা নূরবানু, বোন সুখন কবির ও কবিতা কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক আল-আমিনকে আসামি করা হয়। এর সাত দিন পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ এ ঘটনাটি তদন্তের একপর্যায়ে ঘুমের ওষুধ বিক্রেতা আবদুল গাফ্ফারকে গ্রেপ্তার করে। আসামিদের মধ্যে গাড়িচালক আল-আমিন ও ওষুধ বিক্রেতা গাফ্ফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই মাস তদন্তের পর গত বছর ১১ আগস্ট নয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন রিতার স্বামী রাশেদুল কবির, রাশেদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূরবানু, ননদ কবিতা কবির, সুখন কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারী, রিতার গাড়িচালক আল-আমিন ও ওষুধের দোকানি আবদুল গাফ্ফার। আসামিদের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যায় সহায়তায় করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও মনিবের সম্পদ গ্রাস করার অভিযোগ আনা হয়েছিল।গতকাল অভিযোগ শুনানির সময় সব আসামি আদালতে হাজির ছিলেন। রিতার গাড়িচালক আল-আমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি। অভিযোগ গঠনের পর রিতার মা মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, আদালতের এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। তাঁদের দাবি, অভিযোগপত্রের সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার করা হোক।