রাশেদুল ও স্মৃতি আরও ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে আলমবাগের ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।আজ রোববার সাত দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ডিবি পুলিশ। এ সময় আসামিরা জামিনের আবেদন করেন। মহানগর হাকিম সৈয়দ মিনহাজ-উম মুনীরা আসামিদের জামিন আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৬ জুন শনিবার সকালে গুলশানের পিত্জা হাটের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাঁদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।পুলিশের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা পুলিশ রাশেদুল ও স্মৃতিকে গুলশান-১ নম্বর থেকে গ্রেপ্তার করে। গত ২১ জুন ফারজানার শ্বশুর, শাশুড়ি, দুই ননদ এবং এক ননদের স্বামীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ও র‌্যাবের গোয়েন্দা শাখা।এ মামলায় ফারজানার গাড়িচালক আল-আমিন ও ওষুধের দোকানদার গাফফারকেও গ্রেপ্তার করা হয়। গাড়িচালক আল আমিনকে দ্বিতীয় দফায় আরও চার দিন রিমান্ডে নেওয়া হয়েছে। দোকানদার গাফফার রিমান্ড শেষে কারাগারে আটক।গত ১১ জুন পুলিশ আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দোতলা থেকে ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করে।এ ঘটনায় পরের দিন আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ফারজানার মা আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন শফিকুল কবির, তাঁর স্ত্রী নূর বানু, তাঁদের ছেলে ও রিতার স্বামী রাশিদুল কবির, মেয়ে কবিতা, সুখন ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারী, রাশিদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি ও গাড়ির চালক আল-আমিন।