রাশেদুল-স্মৃতি ৭ দিনের রিমান্ডে
জুরাইনে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আজ শনিবার ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। বিচারক মো. নজরুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানার শ্বশুর ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির এবং এক ননদের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীর দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। ডিবি তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।এর আগে দুপুরে ডিবি পুলিশ রাশেদুল ও স্মৃতিকে গুলশান-১ নম্বর থেকে গ্রেপ্তার করে। ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোকলেছুর রহমান তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ২১ জুন মামলার অন্য পাঁচ আসামি ফারজানার শ্বশুর, শাশুড়ি, দুই ননদ, এবং এক ননদের স্বামীকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ও র্যাবের গোয়েন্দা শাখা। এ মামলায় ফারজানার গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানদার গাফফারকেও গ্রেপ্তার করা হয়।গত ১১ জুন পুলিশ আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দোতলা থেকে ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরের দিন আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ফারজানার মা আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করেন।