রাষ্ট্র ছলচাতুরির করে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কিশোর লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, ‘রাষ্ট্র ছলচাতুরির আশ্রয় নিয়ে লুকোচুরি করে চুপিসারে এই মামলার অভিযোগপত্র দিয়েছে।’জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি জানান, লিমনের নামে অভিযোগপত্র দেওয়ার বিরুদ্ধে কমিশন সরকারের কাছে আবেদন জানাবে। প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবে। লিমনকে অভয় দিয়ে মিজানুর রহমান বলেন, ‘কমিশন লিমনের পাশে ছিল, আছে এবং থাকবে।’ লিমনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেন মিজানুর রহমান। তিনি বলেন, এ ঘটনা তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার চিঠি দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বা উত্তর দিচ্ছে না। লিমনের আইনজীবী মানিক আচার্য জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লিমন হোসেনকে আসামি করে আরেকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম ১ জুলাই ঝালকাঠির আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তার (জিআরও) কাছে অভিযোগপত্রটি জমা দেন। এত দিন বিষয়টি গোপন ছিল। এ মামলারও বাদী র‌্যাব। গত রোববার এ মামলার ধার্য তারিখে শুনানিকালে জিআরও নাজমুল হক অভিযোগপত্র আদালতে উপস্থাপন করেন।এর আগে একই তদন্ত কর্মকর্তা গত বছরের ২৪ এপ্রিল অস্ত্র আইনে করা মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই মামলাটি বর্তমানে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের জন্য রয়েছে।মানিক আচার্য বলেছেন, লিমন নিরপরাধ, এটা পুরো দেশবাসী জানে। মিথ্যা অভিযোগে অভিযোগপত্র দিয়ে নির্দোষ এই কিশোরের বিরুদ্ধে আরেক দফা নিষ্ঠুর আচরণ করল পুলিশ।লিমনের অভিযোগ, গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঁতুরিয়া গ্রামে নিজ বাড়ির কাছের মাঠে গরু আনতে গেলে র‌্যাব সদস্যরা তাকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর র‌্যাব নিজেদের অপরাধ ঢাকা দিতে স্থানীয় কিছু দুর্বৃত্তের সঙ্গে লিমনকে আসামি করে রাজাপুর থানায় দুটি মামলা করে। এর একটি অস্ত্র মামলা। অপরটি বন্দুকযুদ্ধ করে র‌্যাবকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা।গরিব শ্রমজীবী পরিবারের সন্তান লিমনের পঙ্গু হওয়ার ঘটনা সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত হয়। সাধারণ মানুষের আর্থিক সহায়তায় তার চিকিত্সা হয়। কৃত্রিম পা নিয়ে এখন সে চলাফেরা করে। চলতি বছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে।