রাষ্ট্র দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেনি: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘দরিদ্র মানুষের পাশে রাষ্ট্রের যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে দাঁড়ায়নি। আমরা তাদের এমনভাবে সচেতন করতে চাই যেন গরিব মানুষ সরকারি হাসপাতালে গিয়ে বলতে পারে, তুমি আমাকে বিনা মূল্যে এসব ওষুধ দিতে বাধ্য। ডাক্তারকে বলতে পারে, তোমাকে সপ্তাহে দুই দিন নয়, পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে।’আজ রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকৌশল প্রণয়ন বিষয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জেলা পিপি আবুল হাশেমের বক্তব্যের সূত্র ধরে মিজানুর রহমান বলেন, ‘মাত্র ৫০০ টাকা বেতনের পিপি, এপিপি (রাষ্ট্র নিযুক্ত আইন কর্মকর্তা) হতে আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে ভিড় জমান কেন? এত তদবির কেন হয়?’কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। কর্মশালা পরিচালনা করেন কমিশনের সদস্য শামসুজ্জামান খান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক জাকির হোসাইন। মিজানুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের এমনভাবে সচেতন করতে চাই যেন তারা শিক্ষকদের বলতে পারে—আপনি শুধু আমাদের পড়াবেন, আমরা শ্রেণীকক্ষে রাজনীতির কথা শুনতে রাজি নই।’মিজানুর রহমান আরও বলেন, মানবাধিকারের নামে দেশে অনেক সংস্থা গড়ে উঠেছে। জাতীয় মানবাধিকার কমিশন গঠনের পর সেসব সংস্থার কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রামে বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কয়েকজন শিক্ষার্থী অংশ নেন।