ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় বিএনপির রূপকল্প ও অগ্রাধিকার খাত সম্পর্কে যুক্তরাষ্ট্রকে জানালেন দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বিষয়গুলো জানান। বৈঠকে আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিবদমান সমস্যাগুলো সমাধানের ব্যাপারে বিএনপি উদ্যোগ নেবে বলেও খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছেন।গতকালের বৈঠকে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেসব বিষয় যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ড্যান মজীনা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন তাঁর ভিশন (রূপকল্প) শেয়ার করেছেন।’রাষ্ট্রদূত বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ দমন করবেন। সীমান্তে এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবেন না। ভারতের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ, পানি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবেন। তা ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ করণীয় নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দুর্নীতি বন্ধ ও সুশাসনের ওপর জোর দিয়েছে।বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়োজনে হরতাল দেওয়া হবে বলে জানিয়েছেন মজীনাকে। তবে মজীনা হরতাল অপছন্দে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেছেন, তাঁরা আশা করছেন আর হরতাল দেওয়ার প্রয়োজন হবে না। তার আগেই একটা সমঝোতায় পৌঁছানো যাবে।মজীনা বলেন, রোববার তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। জিএসপি নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, রানা প্লাজার মতো ঘটনা আর ঘটবে না। যুক্তরাষ্ট্র এ ধরনের একটি ঘটনাও দেখতে চায় না।বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকটের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ দেশের জনগণই এ ব্যাপারে সমাধান করতে পারে। তাঁরা শুধু সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, বিএনপির বিগত আমলে কয়েকজন জঙ্গির সাজা হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।