রাষ্ট্রকে আরও মহৎ, আরও উদার হতে হবে: মিজানুর রহমান
রাষ্ট্রকে আরও মহৎ ও উদার হতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, একদিন দেশে দলিত সম্প্রদায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা সংখ্যালঘু হিসেবে কেউ পরিচিত হবে না। সবার পরিচয় হবে মানুষ। রাষ্ট্রের কাছে কোনো বৈষম্য থাকবে না।আজ মঙ্গলবার বর্ণবৈষম্য দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ দলিত পরিষদ, পরিত্রাণ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে দলিত সম্প্রদায়ের সদস্যরা বলেন, বাংলাদেশে নানা ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। অনেক ক্ষেত্রে তাদের মানুষ হিসেবেই গণ্য করা হয় না। সরকারও এই বৈষম্য দূর করতে কার্যকর কিছু করে না।সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সরকারের প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো বৈষম্য আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী। রাষ্ট্রকে আরও অনেক মহত্, আরও উদার হতে হবে। ক্ষুদ্র মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সম্মান করতে হবে, মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এই দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না।’ একটি সভ্য সমাজে বৈষম্য থাকতে পারে না। এ দেশটার জন্মই হয়েছে মানবসত্তার মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সাম্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি। সেই রাষ্ট্রে একজন নাগরিকের মর্যাদা থাকবে না—এটা হতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশনের এবারের বার্ষিক প্রতিবেদনে সব ধরনের বৈষম্য বিলোপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে মোট ১২ দফা দাবি জানানো হয়। এর মধ্যে আছে বর্ণবৈষম্য বিলোপসংক্রান্ত আইন প্রণয়ন, উন্নয়নের ধারায় দলিত সম্প্রদায়কে সম্পৃক্ত করার জন্য একটি জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন, জাতীয় মানবাধিকার কমিশন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে দলিতদের জন্য বিশেষ সেল গঠন, দলিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত করা, জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আসন সংরক্ষণ প্রভৃতি।