রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদ আহমদের জামিন
রাষ্ট্রবিরোধী বক্তব্য, সরকার উৎখাত ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে খুলনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ জামিন পেয়েছেন।আজ রোববার সকাল সাড়ে ১০টায় খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে মওদুদ আহমদ হাজির হলে আদালত উচ্চ আদালতের নির্দেশক্রমে তাঁর জামিন মঞ্জুর করেন।৮ আগস্ট খুলনার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর) এম এম সাজ্জাদ আলী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মওদুদ আহমদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলার বাদী এম এম সাজ্জাদ আলী অভিযোগ করেন, ৪ আগস্ট রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা আমাদের শক্তি শেষ করব না। জামায়াতের শক্তি এমনিতেই আছে। সময় হলেই এই শক্তি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। যথাসময়ে যথাযথ ব্যক্তির ওপর আমরা আমাদের শক্তি প্রয়োগ করব।’ এ সময় মওদুদ আহমদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের বিরোধিতা না করে সমর্থন করেছেন এবং উত্সাহিত করে শস্তিযোগ্য অপরাধ করেছেন।