রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ জনের জামিন আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট রাষ্ট্রদ্রোহ মামলায় ১১ সরকারি কর্মকর্তা ও সাবেক দুই কর্মকর্তার চার মাসের আগাম জামিন মঞ্জুর করে যে আদেশ দিয়েছেন, তা আপিল বিভাগে বহাল রয়েছে।আজ মঙ্গলবার জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের বিষয়ে চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি। ফলে তাঁদেরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকল।১০ জুন বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ জনের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের জামিন দেন। পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি তিন সপ্তাহের রুলও জারি করা হয়।এই ১৩ জন হলেন উপসচিব মজিবুর রহমান, যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীর, জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুর রহমান তরফদার, যুগ্ম সচিব এ বি আবদুল বারী, উপসচিব জাকির হোসেন, যুগ্ম সচিব আবদুর সবুর, জ্যেষ্ঠ সহকারী সচিব এ বি এ সাহাবুদ্দিন নাগরী, উপসচিব মো. মতিন, সরকারি কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, কাজী এমদাদুল হক, শরাফত উদ্দিন আহমেদ, বিয়ামের সাবেক মহাপরিচালক শহিদুল আলম ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল কাইয়ুম।জানা যায়, এ বছরের ৭ জুন ১১ সরকারি কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ২০০৬ সালের ২৪ নভেম্বর সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈঠক করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।