রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ি উপজেলার সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার আরজি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী বলেছিলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসনব্যবস্থার অবসান হতো না। প্রয়োজনে ১৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেখ মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’সালাউদ্দিন কাদের চৌধুরীর ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীসহ যেকোনো হত্যাকারীকে অতি উত্সাহিত করেছে।ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত বছরের ৩ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বাদুরতলা শুলকবহরের বাসিন্দা মো. আবু তাহের উদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালতের মঞ্জুরি আদেশ না থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে মামলাটি পুনরায় (উজ্জীবিত করে) দায়ের করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তদন্ত মো. আলতাফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এ কথা শুনিনি। যদি মামলা হয়ে থাকে, তাহলে তা হবে উদ্দেশ্যমূলক। তিনি জেলে থাকায় অনেকে তাঁর বিরুদ্ধে মামলা করবে, এটাই স্বাভাবিক।’