রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাষ্ট্রদোহিতার অভিযোগে জামায়াতের আমিরসহ তিনজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য ও বঙ্গবন্ধুকে নিয়ে ্ব্যঙ্গাত্মক কটূক্তি করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পানিতলা কচুয়া গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব মণ্ডলের স্ত্রী আখতার বানু ও ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব আলীর স্ত্রী মাহফুজা বেগম একটি সমাবেশ ডাকেন। সমাবেশে ধর্মীয় তালিম দেওয়ার কথা বলে আশপাশের গ্রাম থেকে পাঁচ শতাধিক মহিলাকে সমবেত করা হয়। ওই সমাবেশে বক্তারা সরকারবিরোধী নানা উসকানিমূলক বক্তব্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ্ব্যঙ্গাত্মক কটূক্তি করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হলে আয়োজক আকতার বানু ও মাহফুজা বেগম সমাবেশস্থল থেকে পালিয়ে যান। এ সময় সেখান থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব মণ্ডল ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামায়াত নেতা নুরুন্নবী প্রধানকে গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।